কুলাউড়ায় সড়কে অবৈধ বালু রাখায় মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ টাকা
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কনিমুড়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) গুরুত্বপূর্ণ সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ খ্রি.) পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সড়কের ওপর বালু ফেলে রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দায়ী ব্যক্তিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কের ওপর রাখা অবৈধ বালু জব্দ করা হয় এবং দ্রুত অপসারণের নির্দেশ প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কনিমুড়া এলাকায় সড়কের একাংশ জুড়ে বালু ফেলে রাখায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল এবং জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
এ প্রেক্ষিতে প্রশাসনের নজরে বিষয়টি আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের অবস্থান কঠোর বলে জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সরকারি সড়ক বা জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে বালু, মাটি বা নির্মাণ সামগ্রী ফেলে রাখা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল এ অভিযানে প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
