কুলাউড়ার কৃতি সন্তান জুনেল আহমেদ এখন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর স্পেশালিস্ট

 


ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে স্বপ্নের সীমাও অতিক্রম করা যায় এ কথার বাস্তব প্রমাণ রেখেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান জুনেল আহমেদ। সকল বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ইউনাইটেড স্টেটস আর্মি (U.S. Army)-তে স্পেশালিস্ট (SPC E-4) পদে যোগদান করেছেন। তার এই অসাধারণ অর্জনে গর্বিত কুলাউড়াবাসীসহ পুরো মৌলভীবাজার জেলা।

জুনেল আহমেদ কুলাউড়া সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামের মরহুম আকুল মিয়া ও আনোয়ারা খানমের তৃতীয় সন্তান। তিনি কুলাউড়ার পরিচিত প্রতিষ্ঠান ‘কুলাউড়া ডিজাইনার’-এর কর্ণধার ফয়সাল আহমেদের ছোট ভাই। সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই তরুণ নিজের মেধা, পরিশ্রম ও অদম্য মনোবলের মাধ্যমে আজ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। লক্ষ্মীপুর মিশন স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করার পর কুলাউড়া ডিগ্রি কলেজে অধ্যয়ন করেন। এরপর সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে এমএসসি ডিগ্রি অর্জনের পাশাপাশি নিউইয়র্ক সিটিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরিতে যুক্ত হন। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছিলেন।

অবশেষে কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতির মাধ্যমে তিনি মার্কিন সেনাবাহিনীর বেসিক কমব্যাট ট্রেনিং (BCT) সফলভাবে সম্পন্ন করেন এবং বর্তমানে স্পেশালিস্ট (SPC) হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

জুনেলের এই অর্জনে আবেগাপ্লুত বড় ভাই ফয়সাল আহমেদ বলেন, ছোটবেলা থেকেই জুনেল অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী ছিল। আজ তার এই সাফল্যে আমরা পুরো পরিবার গর্বিত। সে শুধু আমাদের পরিবারের নয়, কুলাউড়া ও বাংলাদেশের মুখও উজ্জ্বল করেছে।

জুনেল আহমেদের এই সাফল্য কুলাউড়াসহ দেশের হাজারো তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার এই অর্জনে স্থানীয়ভাবে আনন্দের জোয়ার বইছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই মেধাবী তরুণ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url