জুড়ী ও বড়লেখায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

 

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা এবং ধ্বংস করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ জাল বিক্রির দায়ে ব্যবসায়ী মুহিদ মিয়াকে ৫০ হাজার টাকা এবং ফারুক উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু ব্যক্তিরা এসব দোকান থেকে অবৈধ কারেন্ট জাল সংগ্রহ করে হাকালুকি হাওরের জলাভূমিতে দেশীয় প্রজাতির মাছের পোনা নিধন করে আসছিল। এর ফলে দেশীয় মৎস্যসম্পদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল।

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অভিযান শেষে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, “দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জাল ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি এলাকায় দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম রাশেদুজ্জামান বিন হাফিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url