বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান ময়নুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এরই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট আলেম ও শিক্ষিত ব্যক্তিত্ব মাওলানা ক্বারী ময়নুল ইসলাম। তাঁর এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
মাওলানা ক্বারী ময়নুল ইসলাম উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ১নং তালিমপুর গ্রামের প্রবীণ প্রাক্তন ওয়ার্ড সদস্য মরহুম মুস্তফা উদ্দিন (মস্তু মেম্বার) এর তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয়দের কাছে একজন বিনয়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত।
তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে এমএ (মাস্টার্স) ও কামিল ডিগ্রি অর্জন করেছেন। স্থানীয়দের মতে, শিক্ষিত ও মার্জিত নেতৃত্ব নির্বাচিত হলে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মাওলানা ক্বারী ময়েনুল ইসলাম বলেন, “আমি অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বড়লেখাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ করে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
