মৌলভীবাজারে মাছ ধরা নিয়ে বিরোধ; ঘরে ঢুকে কুপিয়ে গুরুতর জখম

 

মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের নাগড়া গ্রামে যৌথ মালিকানাধীন পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরাকে কেন্দ্র করে সামছুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া গ্রামের বাসিন্দা সামছুল ইসলামের সঙ্গে একই গ্রামের ইকবাল হোসেন গংদের একটি পুকুর নিয়ে যৌথ মালিকানা রয়েছে। ঘটনার দিন অভিযুক্ত ইকবাল হোসেন (৫২), তার দুই ছেলে মাহদি হোসেন (২০) ও জুমান হোসেন (১৮), সহযোগী সাদিক মিয়া (৪০) এবং বাবলী বেগম (৪০) মিলে ওই পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরতে যান।

সামছুল ইসলাম এ বিষয়ে প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার বসতঘরে ঢুকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযুক্ত পাঁচজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন:
১. ইকবাল হোসেন (পিতা- মৃত আব্দুল মোতালিব)
২. সাদিক মিয়া (পিতা- আব্দুল গফ্ফার)
৩. মাহদি হোসেন (পিতা- ইকবাল হোসেন)
৪. জুমান হোসেন (পিতা- ইকবাল হোসেন)
৫. বাবলী বেগম (স্বামী- ইকবাল হোসেন)

মৌলভীবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url