জ্বালানি সংকটে ব্যতিক্রমী উপহার। কুলাউড়ায় বন্ধুর বিয়েতে ২ লিটার অকটেন!
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জ্বালানি তেলের সংকটের মধ্যে এক বিয়েতে দেখা গেছে ব্যতিক্রমী ও ভিন্নধর্মী উপহার দেওয়ার ঘটনা। প্রচলিত উপহারের পরিবর্তে নবদম্পতিকে দেওয়া হয়েছে ২ লিটার অকটেন, যা এলাকায় সৃষ্টি করেছে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনার।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়ের অনুষ্ঠানে এই অভিনব উপহার দেন মাসুমসহ তার বন্ধুরা।
বন্ধুদের এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী, ভিন্নধর্মী এবং রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।
উপহার প্রদানকারী বন্ধুদের একজন জানান, “বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই একটু ব্যতিক্রমভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।”
জ্বালানি সংকটের এই সময়ে কুলাউড়ার এই অভিনব উপহার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ জনবানী..
