আগামীকাল বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংকের ১০ম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
রাহিন আহমদ নোবেল:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা-এর উদ্যোগে ১০ম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত নিজবাহাদুরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত চন্দগ্রাম বাজারে-মুক্তিযোদ্ধা ফার্মেসীর সামনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, যারা এখনো নিজেদের রক্তের গ্রুপ জানেন না, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদান বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে,
উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ বলেন “আজই রক্তের গ্রুপ জানুন, আগামীর জরুরি মুহূর্তে প্রস্তুত থাকুন, এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন।”
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এর আগে উপজেলার নয়টি ইউনিয়নে সফলভাবে ৯টি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, তালিমপুর, বড়লেখা, সুজানগরসহ আরও কয়েক এলাকায়।এসব এলাকায় আয়োজিত পূর্ববর্তী ক্যাম্পেইনগুলোতে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছে আয়োজকরা।
এ ধরনের আয়োজনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করে থাকেন। পূর্ববর্তী একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস ছামাদ, সহকারী পরিচালক কিবরিয়া আল মাহমুদ, সহকারী কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংগঠনটি মনে করে, সমাজে রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা একটি সামাজিক দায়িত্ব। ধারাবাহিক এই ক্যাম্পেইনের মাধ্যমে সেই দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি সময়ে রক্তদাতার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা।
উল্লেখযোগ্যভাবে, এই শাখার সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত মোট ২৬৩ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে, যা মানবিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।
আসন্ন এই ১০ম ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। বড়লেখাবাসীসহ আশপাশের এলাকার সকলকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজনও আগের মতো সফল হবে এবং রক্তদান বিষয়ে মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
