সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি

 



সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত। শনিবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পঞ্চায়েতের সদস্যরা। এ সময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জনসভা আহ্বানের পর পুলিশের অসহযোগিতার অভিযোগ উত্থাপন করেন তারা। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা করতে চেয়েছিলেন তারা। সেজন্য তারা অনুমতি চেয়ে এসএমপির পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন। তবে পরদিন পুলিশ কমিশনার তাদের ডেকে প্রথম দুটি দাবি বাদ দিয়ে জনসভা করতে বলেন। এর প্রতিবাদে ‘সিলটি পাঞ্চায়িত’ তাদের জনসভা স্থগিত ঘোষণা করে।

তিনি জানান, ২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরু করা সিলটি পাঞ্চায়িতের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম হলো– সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। কারণ সিলেট দেশের মধ্যে একমাত্র বিভাগ, বাংলা বাদে যার নিজস্ব বর্ণমালা আছে। এই ভাষার নাম সিলটি ভাষা এবং অক্ষরের নাম সিলটি নাগরী লিপি। অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলা হয়, এসব দেশে প্রধান ভাষার পাশাপাশি দ্বিতীয় অফিসিয়াল ভাষা চালু আছে। সিলটি ভাষায় এক কোটি ২০ লাখ সিলেটি কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সংগঠনের ন্যায্য দাবিদাওয়ার আন্দোলনে সাড়া দিয়ে উল্লিখিত দাবিগুলো মেনে নেবে। নতুবা তারা ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করতে বাধ্য হবেন। এ সময় সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক তাজ রীহান জামানসহ নেতারা উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url