বড়লেখার হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ পার্কিং ও রাস্তা দখলে জরিমানা
বড়লেখার হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ পার্কিং ও রাস্তা দখলে জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ব্যস্ততম হাজীগঞ্জ বাজার এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে যানবাহন দাঁড় করানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া। এ সময় বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেখা যায়, কিছু যানবাহন চালক ও ব্যবসায়ী অবৈধভাবে রাস্তার ওপর গাড়ি পার্কিং করে রাখায় এবং দোকানের মালামাল রাস্তার ওপর রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। এতে বাজার এলাকায় যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ পার্কিং এবং রাস্তা দখলের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১৬ ও ৮২ ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার এলাকায় যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বাজারের ব্যবসায়ী ও যানবাহন চালকদের আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজার এলাকায় প্রায়ই অবৈধ পার্কিং ও রাস্তা দখলের কারণে যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের এমন উদ্যোগে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
