ঢাকায় গুলিবিদ্ধের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অতিরিক্ত টহল

 

নিজস্ব প্রতিবেদক::

ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ লক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপিতে নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেসব স্থানে ক্রসিং ও রি-ক্রসিংয়ের সম্ভাবনা রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

তিনি সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url