রাউৎগাঁওয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন দগ্ধ হয়ে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

 


স্টাফ রিপোর্টার:

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রিপন আহমেদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ রায়হান আহমেদ (১) আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।

১০ ডিসেম্বর বুধবার সকাল প্রায় ১১টার দিকে রায়হানের নানার বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। তখন রায়হান ঘুমিয়ে ছিল। মুহূর্তেই আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং শিশুটির শরীরেও আগুন ধরে যায়।

স্থানীয়রা আগুন দেখে দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

স্থানীয়দের বরাতে জানা গেছে ঘটনার সময় শিশুটির নানি বাড়িতে ছিলেন না। রায়হানের মা তাকে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি দৌড়ে এসে দেখেন ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনে শিশুটির মৃতদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url