বড়লেখা উপজেলা আল-ইসলাহর অভিষেক অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ও পৌর শাখার আঞ্জুমানে আল-ইসলাহর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২৫ নভেম্বর বাদ মাগরিব বড়লেখার আকসা মেগা শপ অ্যান্ড আয়াত ডাইনিং মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, নেতৃত্ব পরিবর্তন মানেই নতুন উদ্যমে সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েল। তিনি নতুন নেতৃত্বের পরিকল্পনা, চলমান উদ্যোগ এবং বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ এনামুল হক। তিনি বলেন, আল-ইসলাহর শক্তি হলো দাওয়াতি কর্মযজ্ঞ, নৈতিকতা ও জনসেবার ধারাবাহিকতা। বড়লেখা শাখার নতুন কমিটি সংগঠনের এই ঐতিহ্যকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আল-ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. ফয়জুল ইসলাম এবং জেলা শাখার সিনিয়র সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল। তারা সংগঠনের শৃঙ্খলা ও সুসংগঠিত কার্যক্রম বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহর সহ-সভাপতি মাওলানা কে. এম. ছালেহ আহমদ কবীর, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মো. সামছুল ইসলাম, পৌর আল-ইসলাহর সভাপতি মাওলানা মো. আব্দুল লতিফ এবং সাংগঠনিক সম্পাদক ক্বারি মো. আব্দুল হামিদ। বক্তারা বলেন, বড়লেখা উপজেলায় আল-ইসলাহর দাওয়াতি, শিক্ষা ও সামাজিক সেবামূলক কর্মসূচিগুলোকে আরও বেগবান করা হবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং সংগঠনের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ।
নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন এবং সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
