মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে তিন গরু চুরি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর গ্রামে তালা ভেঙে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান আতিকের গোয়ালঘরে সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আতিকুর রহমান জানান, গভীর রাতে চোরের দল তার গোয়ালঘরের তালা কেটে মূল্যবান তিনটি গরু নিয়ে যায়। তিনি বলেন, “এভাবে এক রাতেই বিশাল ক্ষতির মুখে পড়লাম। দ্রুত গরুগুলো উদ্ধার ও চোরদের গ্রেপ্তার চাই।”ঘটনার পর আতিকুর রহমান কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্তে তদন্ত চলছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
