বড়লেখায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, যুবক গ্রেফতার
০
মৌলভীবাজারের বড়লেখায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তাজিম উদ্দিন (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথিমধ্যে নিজবাহাদুরপুর এলাকার কবরস্থানের পাশে পৌঁছালে তাজিম উদ্দিন তাদের গতিরোধ করে। এ সময় বাদীর গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে তার হাতে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পরদিন (৪ অক্টোবর) বড়লেখা থানায় একটি মামলা (নং-০৫, ধারা ৩৯২ পেনাল কোড) দায়ের করা হয়।
এরপর থানা পুলিশের বিশেষ অভিযানে মহদিকোনা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার (৪ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।
