কুলাউড়া থানায় অযত্নে পড়ে থাকা উপহারের গাড়ি মেরামতের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক :
গত ৪ আগস্ট কুলাউড়ায় অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে”-তে মৌলভীবাজারের পুলিশ সুপার এম এইচ জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এক খোলামেলা আলোচনা সভায় কুলাউড়ায় কর্মরত একজন সংবাদকর্মী দীর্ঘদিন ধরে থানা চত্বরে অযত্নে পড়ে থাকা একটি গাড়ির বিষয়টি উত্থাপন করেন।
উক্ত গাড়িটি বিশিষ্ট শিল্পপতি ও কুলাউড়ার কৃতি সন্তান আজম জাহাঙ্গীর চৌধুরী কুলাউড়া থানা পুলিশকে উপহার দিয়েছিলেন। কিন্তু যথাযথ মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে ছিল।
সংবাদকর্মীর বক্তব্য এডিশনাল ডিআইজি জালাল আহমেদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের কাছে বিষয়টি জানতে চান। এ সময় ওসি গাড়ির বর্তমান অবস্থা এবং সমস্যার বিষয়টি তাকে অবগত করেন।
পরে জানা যায়, গত ১৬ আগস্ট এডিশনাল ডিআইজি জালাল আহমেদ চৌধুরী গাড়িটি দ্রুত মেরামতের জন্য শিল্পপতি আজম জাহাঙ্গীর চৌধুরীর পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন এবং তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
এ বিষয়ে ওসি ওমর ফারুক বলেন,
“এডিশনাল ডিআইজি স্যারের সাথে কথা হয়েছে। আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে খরচের হিসাব তৈরি করছি। আশা করছি কয়েক দিনের মধ্যেই গাড়িটির মেরামত সম্পন্ন হবে।”
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, গাড়িটি দ্রুত মেরামত শেষে আবারও থানার সেবায় যুক্ত করা হবে। এতে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণের।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুলাউড়ার সুশীল সমাজ ও স্থানীয়রা।
