কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে দুই সপ্তাহের সময় দিলেন এসপি

 

ডেস্ক রিপোর্ট

মৌলভীবাজারের কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধ নির্মূলে থানাকে আগামী দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

সোমবার (৪ আগস্ট) রাতে কুলাউড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না। এ সমস্যা দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে।”

থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এসপি আরও বলেন, “পুলিশের সেবা পেতে কোনো টাকা লাগে না। সেবার স্বচ্ছতা আনতেই থানায় চালু করা হয়েছে ‘আপনার এসপি’ নামের একটি ডেস্ক। এর মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা যাবে।”

সম্প্রতি কুলাউড়ায় ঘটে যাওয়া ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তিনি বলেন, “অপরাধীদের কেউই ছাড় পাবে না। আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে কাজ চলছে।”

আনজুম হত্যা মামলার অগ্রগতির বিষয়েও তিনি বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে। মামলার বিচার দ্রুত ও সঠিকভাবে হবে—এতে পুলিশের কোনো গাফিলতি নেই।”

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “থানায় আর কোনো সালিশ বৈঠক চলবে না। আইনের বাইরে কোনো প্রভাব খাটানো যাবে না। পুলিশ জনগণের বন্ধু, তবে অপরাধের বিষয়ে কোনো আপস নয়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, কমিটির সদস্য বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া ও সুফিয়ান আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক মোক্তাদির হোসেন, এম মছব্বির আলী, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, এনসিপির মৌলভীবাজার জেলা সদস্য লিংকন তালুকদার, আব্দুস সামাদ, ওয়ারিয়র্স অফ জুলাই জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, নাহিদুর রহমান ও এনসিপি সমর্থক ইব্রাহীম মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সুধীজন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url