লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-সিলেট রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হাওয়া বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা।

শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত ছিল না এবং তিনি ট্রেনের ভেতরে ভিক্ষা করতেন। সেদিন সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url