হাঁস নিয়ে ঝগড়া: হামলায় এক ভাই নিহত, আরেক ভাই আইসিইউতে

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে হাঁস নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের দুই ভাই আহত হয়েছেন। তাদের মধ্যে ফরিদ আহমদ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে এবং আব্দুর রহমান একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার ফরিদ আহমদের ১০টি হাঁস চাচাতো ভাই ইমরান আহমেদের জমিতে নামে। ক্ষেতের জমিতে কীটনাশক ছিটানো থাকায় ৭টি হাঁস মারা যায়। এ নিয়ে ফরিদ বিচার প্রার্থী হলে ক্ষিপ্ত হয়ে ওঠে ইমরান, তার বাবা রকিব আলী ও মা লেছু বেগম। শুক্রবার বাদ জুমা নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারা সাইদুর রহমান, ফরিদ আহমদ ও আব্দুর রহমানের ওপর দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিন ভাই।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাইদুর রহমানের মৃত্যু হয়। অন্যদিকে ফরিদকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রকিব আলীকে সড়কের বাজার এলাকা থেকে এবং মূল আসামি ইমরান আহমদকে সিলেট শহর থেকে আটক করেছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, হামলার ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url