বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক বড়লেখা 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বড়লেখা পৌর এলাকার পানিধার আব্দুর রহমান কনভেনশন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।

কাউন্সিলরদের সরাসরি ভোটে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত নেতাকর্মীরা পুরনো নেতৃত্বের প্রতিই আস্থা রেখেছেন। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। ফলাফলে দেখা যায়, সিনিয়র সহসভাপতি পদে নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট; সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট; আর সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন, অপর প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১৫ ভোটারের মধ্যে ৭০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।


এর আগে দুপুরে জাতীয় সংগীত পরিবেশন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সকালে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনস্থল ও আশপাশের সড়ক পোস্টার, ব্যানার ও তোরণে সজ্জিত করা হয়। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।


সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য নাসের উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, নবনির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল ও মাহমুদুর রহমান প্রমুখ।

 সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আব্দুল হাফিজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুজিবুর রহমান খসরু। চলতি বছরের জানুয়ারিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং এরপর থেকে কার্যক্রম আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। গত ২৮ জুলাইয়ের বর্ধিত সভায় ১৬ আগস্ট সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১৫ জন কাউন্সিলরের তালিকা প্রস্তুত করা হয়। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর বিএনপির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। এতে সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url