সাদা পাথরে লুটপাট: জেলা প্রশাসনের তদন্ত কমিটি

 

নিজস্ব প্রতিবেদক সিলেট :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন এলাকা সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, মঙ্গলবারই কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, “লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে—এটি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি পর্যালোচনার জন্য আজ একটি সভা আহ্বান করেছি, যেখানে বিস্তারিত আলোচনা হবে। তাছাড়া আমাদের অভিযান চলমান আছে, ভবিষ্যতেও চলবে।” গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাদা পাথরে লাগামহীন লুটপাট চলছে; প্রশাসনের সামনেই প্রকাশ্যে পাথর লুট হয়েছে। প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় কিছুদিন বন্ধ থাকলেও গত মাসের শেষ দিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। ওই সময় মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সঙ্গে বিপুল পাথর নেমে আসে, যা হাজারো শ্রমিক প্রতিদিন শত শত নৌকায় করে নিয়ে যায়। সোমবার পর্যন্ত এই লুটপাট চললেও দেশজুড়ে ব্যাপক সমালোচনার পর মঙ্গলবার কাউকে পাথর তুলতে দেখা যায়নি।

তবে গত ১৫ দিনেই সাদা পাথর এলাকা বিরানভূমিতে পরিণত হয়েছে এবং কয়েকশ কোটি টাকার পাথর লুটের অভিযোগ উঠেছে; শুধু পাথর নয়, নদীতীরের বালু ও মাটিও খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। লুটপাটের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে; কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের নাম প্রথম থেকেই আলোচনায় থাকলেও তিনি তা অস্বীকার করে আসছেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার তার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। এছাড়া স্থানীয় পর্যায়ের কয়েকজন বিএনপি নেতা ও জেলা-মহানগর পর্যায়ের একাধিক নেতার বিরুদ্ধেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url