সিলেটের গোয়াইনঘাটে মাজার থেকে নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাটে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া নারী সিরাজুন বেগম (৪৫)। তিনি তোয়াকুল ইউনিয়নের কান্দিগাও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, সিরাজুন বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। বুধবার সকালে স্থানীয় কয়েকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
