জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিলে ভোট দিলেন যুবলীগ-কৃষকলীগের দুই নেতা

 


ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট দিয়েছেন যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভেতরে ও বাইরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

রবিবার (১৭ আগস্ট) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দুপুরে ৫টি পদে ভোটগ্রহণ হয়। মোট ৪২৬ ভোটারের মধ্যে ৪২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অনুসন্ধানে যা জানা যায়

উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম অতীতে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ২০০৯ সালে ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হন এবং আওয়ামী সরকারের পতন পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। সরকারের পতনের পর বিএনপির কমিটিতে যোগ দেন তিনি।
তাজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি একটু বাইরে আছি। পরে কল দেব।”

এছাড়া ফুলতলা ইউনিয়ন কৃষকলীগ সদস্য বাবুল আহমদও বিএনপির এ কাউন্সিলে ভোট দিয়েছেন। তিনি ২০২২ সালে ইউনিয়ন কৃষকলীগের সদস্য হিসেবে মনোনীত হন এবং আওয়ামী সরকারের পতন পর্যন্ত সে দায়িত্বে ছিলেন। বাবুল আহমদকে নিয়মিত দেখা যেতো আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে, বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঙ্গে। তবে ভোট দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি বাবুল আহমদ।

নির্বাচন কমিশনারের বক্তব্য

জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা বলেন,
“আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমাকে যে ভোটার তালিকা দেওয়া হয়েছে, সেটিই ব্যবহার করেছি। তালিকা প্রস্তুত করেছে উপজেলা বিএনপি। আমার কিছু করার ছিল না।”

তিনি আরও বলেন,
“এটা দলের সাথে বেইমানি। সম্মেলনে আমি বলেছি—এমন ‘ফ্যাসিস্টরা’ যদি বিএনপির কমিটিতে থাকে তবে সে কমিটি বাতিল করে দেওয়া উচিত। শর্ষের মধ্যে ভূত থাকলে কী আর করা যায়! বিষয়টি সত্যিই দুঃখজনক।”



সূত্র: জুড়ীর সময়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url