কুলাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা

 


স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক প্রতিবাদী যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাংগিছড়া বাজার এলাকায়।

এ ঘটনায় গুরুতর আহত যুবক মো. সেলিম মিয়া (৩৫) শুক্রবার সকালে কুলাউড়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের যুবক বাপ্পি (২৫) মাদক বহন করে নিয়ে যাচ্ছিলেন। এসময় বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া তাকে বাধা দিলে বাপ্পি তার সহযোগীদের ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে সেলিমের উপর সংঘবদ্ধ হামলা চালায়। সেলিম দৌড়ে যুবদল নেতা রাহেলের অফিসে আশ্রয় নিলেও সেখানে গিয়েও তাকে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। আহত সেলিম জানান, তিনি শুধু বাজারে মাদক বহনের প্রতিবাদ করেছিলেন বলেই এই হামলার শিকার হয়েছেন।

এ ঘটনায় সেলিম বাদী হয়ে বাপ্পি, মহিব আহমদ ও কাদির মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসাইন বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url