গোলাপগঞ্জে ফেসবুক পোস্টের জেরে যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক সিলেট:
সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে পরকীয়া বিষয়ক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রনি হোসাইন (২৫) নামে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তলায় এ ঘটনা ঘটে।
নিহত রনি হোসাইন পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া উত্তরপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে শেখ রাজুর বিরুদ্ধে একাধিক পোস্ট দেন। সর্বশেষ পোস্টে তিনি লিখেন—
“এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে এর প্রতিবাদ করেছিলাম, এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছে”—এবং পোস্টের সাথে রাজুর সাথে এক নারীর ছবি জুড়ে দেন।
এর আগেও একই বিষয়ে তিনি আরও কয়েকটি পোস্ট করেছিলেন। স্থানীয়দের মতে, এসব পোস্টের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কোনো মামলা দায়ের হয়নি।
