বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন
ডেস্ক রিপোর্ট:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে বড়লেখা পাবলিকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় ধাপ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বড়লেখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশগ্রহণ করেন সোসাইটির সদস্যরা, সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহতাব আল মামুন, স্থানীয় শিক্ষক, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণ।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন,
“প্রতিটি গাছ একটি জীবনের প্রতীক। আমরা যদি আজ একটি গাছ লাগাই, তা ভবিষ্যতের একটি নিঃশ্বাস যোগান দিতে পারে। এই দায় আমাদের সকলের।”
এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
এই আয়োজনের মাধ্যমে শুধু গাছই নয়, বরং একটি সচেতন ও পরিবেশপ্রেমী সমাজ গঠনের পদক্ষেপ নেওয়া হলো। বড়লেখা পাবলিকেশন সোসাইটির এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা ও অনুপ্রেরণার ছোঁয়া এনেছে।
