রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেওয়ায় যুবদল নেতার হামলা, আহত দোকান মালিক ও কর্মচারী

 



রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেওয়ায় যুবদল নেতার হামলা, আহত দোকান মালিক ও কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে মিষ্টির দোকানের কারখানায় ঢুকতে না দেওয়ায় দোকান মালিক ও কর্মচারীর উপর হামলা চালিয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে রাজনগর বাজারের অঞ্জুলী মিষ্টি ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জুলী মিষ্টি ঘরে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দিন বাবু।

দোকানের শোকেসে থাকা অল্প বুরিন্দা তার চাহিদা মেটাতে না পারায় দোকান মালিক পেছনের কারখানা থেকে আনতে কর্মচারীকে নির্দেশ দেন। এ সময় কয়ছর উদ্দিন বাবুও কর্মচারী পঙ্কজ দাশের পেছনে পেছনে কারখানায় ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পঙ্কজকে চড়-থাপ্পড় মারেন। ভিতরে থাকা মিষ্টির কারিগর এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজকে ডেকে আনেন। নাহাজ খাঁন আসার পর দোকানের ভিতরের দরজা খোলেন। তখন যুবদল নেতা কয়ছর উদ্দিন বাবু দোকান মালিকের উপর হামলে পড়ে মোটরসাইকেলের চাবির ধারালো অংশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে দোকান মালিকের মাথায় আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, ‘সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’

রাজনগর থানার ওসি মোবারক হোসেন খান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বাজার কমিটি বিষয়টি দেখবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url