জকিগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে হামলায় আহত যুবকের মৃত্যু

 



জকিগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে হামলায় আহত যুবকের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সুহেল আহমদ (৩৫) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সুহেল আহমদ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সমসখানি (খালপার) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু ব্যবসার লেনদেন নিয়ে নিহত সুহেল আহমদের সঙ্গে একই গ্রামের এহিয়া আহমদের কথাকাটাকাটি হয়। এর জেরে পরদিন ৩০ জুন সকালে সুহেল জকিগঞ্জ থানায় এহিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে এহিয়া আহমদ ও তার সহযোগীরা ওইদিনই সুহেলের ওপর সশস্ত্র হামলা চালায়।

হামলার সময় সুহেলের ছোট ভাই তারেক আহমদ তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে হামলাকারীরা। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সুহেলকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নিহতের চাচা আব্দুল গফুর জানান, সুহেল ও তার ভাইয়ের ওপর হামলা চালানোর পরও উল্টো তাদের পরিবারের বিরুদ্ধেই একটি মামলা দায়ের করেছে প্রতিপক্ষ। তিনি বলেন, "আমরা হাসপাতালে আহতদের নিয়ে ব্যস্ত থাকায় আমরা তখনই মামলা করতে পারিনি। তবে জানাজা ও দাফনের পর আমরা থানায় মামলা করব।"

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url