ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করে পাসপোর্ট জমা দেন। তথ্য যাচাইয়ের একপর্যায়ে দেখা যায়, তার পাসপোর্টে স্টপ লিস্ট রয়েছে।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং জানা যায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, ‘ইমিগ্রেশনে আগেই তথ্য ছিল যে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ভারতে যেতে পারেন। সে মোতাবেক ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে পাসপোর্ট সিলের জন্য জমা দিলে স্টপ লিস্ট অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়।’
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, ‘ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হবে।’
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান এন আর মিডিয়াকে জানান, ‘মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেফতার করা হয়েছে।’
