কুলাউড়া ব্রাহ্মণবাজারে যুবলীগ সভাপতি গ্রেফতার: দলীয় প্রভাব খাটিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ, মামলারও আসামি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. লিকছন চৌধুরী দলীয় পদ-পদবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. লিকছন চৌধুরী কুলাউড়া উপজেলার নাছিরাবাদ গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত জহির চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ সভাপতি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এই যুবলীগ নেতা। অবশেষে তার গ্রেফতারে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
