বড়লেখায় থানার পাশেই দিনদুপুরে দুঃসাহসিক ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল
বড়লেখায় থানার পাশেই দিনদুপুরে দুঃসাহসিক ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের পাখিয়ালা এলাকায় দিনের আলোয় ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার প্রাণকেন্দ্র ও থানা কমপ্লেক্স থেকে মাত্র ২-৩শ মিটার দূরে হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী শামীম আহমদের বাড়িতে এ ডাকাতি ঘটে। এ সময় ডাকাতরা পেছনের ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে পাঁচটি রুমের তালা ও আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ঘড়িসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
জানা গেছে, ওই সময় পরিবারের সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় ডাকাতরা নির্ভয়ে একে একে নিচতলার তিনটি ও দোতলার তিনটি রুমে তাণ্ডব চালায়।
প্রাথমিকভাবে জানা গেছে, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫–২০ ভরি স্বর্ণালংকার, দামি ঘড়ি ও পাঁচটি মোবাইল ফোনসেট। একটি রুমের আলমারির তালা ভাঙতে না পারায় সেই রুমের মালামাল অক্ষত রয়েছে।
ঘটনার খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ডাকাত চক্রকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, “এটি খুবই দুঃসাহসিক ঘটনা। পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এদিকে দিনের বেলায় এ ধরনের ডাকাতির ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌর শহরের প্রাণকেন্দ্র ও প্রশাসনিক ভবনের এত কাছে এমন ঘটনা বড় ধরনের নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত দেয়।
