কুলাউড়ায় শিক্ষার্থী আনজুম হত্যার বিচার চেয়ে আদালতের সামনে বিক্ষোভ


কুলাউড়ায় শিক্ষার্থী আনজুম হত্যার বিচার চেয়ে আদালতের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যার প্রতিবাদে ও ঘাতক জুনেল মিয়ার দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। শিক্ষার্থী, সচেতন যুবসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২৩ জুন) মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এবং মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

সকাল থেকে শহরের চাঁদনীঘাট বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, যুবসমাজ ও সংগঠনের নেতৃবৃন্দ। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে আদালতের সামনে অবস্থান নেয়। প্রায় ৩০ মিনিট ঘাতক জুনেলের ফাঁসির দাবিতে স্লোগানে মুখরিত করে রাখে পুরো আদালত চত্বর। পরবর্তীতে মিছিলটি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়, যেখানে আয়োজিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে অংশ নেন শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, এলাকাবাসী এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মৌলভীবাজারসহ প্রায় ২০টিরও বেশি সামাজিক সংগঠনের দুই সহস্রাধিক সদস্য।

এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজকর্মী ও সংগঠক এম মুহিবুর রহমান মুহিব এবং পরিচালনা করেন সংগঠক আবু সামাদ সুজেল। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এপিপি অ্যাডভোকেট নিয়ামুল হক, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, ইমাদ উদ-দীন, রাজনীতিবিদ মাহমুদ খান আক্তার, স্থানীয় ইউপি সদস্য ছয়ফুল ইসলাম ও লুৎফুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম বাচ্চু, শিক্ষক খালেদ আহমদ ও তাজুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি ইহাম মুজাহিদ, সাইদুর রহমান লিমন, নিহত আনজুমের পিতা আব্দুল খালিক এবং ভাই আফিফ ইসলাম রাদিন প্রমুখ।

বক্তারা বলেন, "মেধাবী শিক্ষার্থী আনজুমের নির্মম হত্যার বিচার দ্রুততম সময়ে ট্রাইব্যুনালে এনে ঘাতক জুনেলের ফাঁসি নিশ্চিত করতে হবে। হত্যার পর পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিলেও ১৯ জুন আদালতে গিয়ে তা অস্বীকার করেছে আসামী। এতে প্রমাণ হয় যে, হত্যাকাণ্ডটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।"

এ সময় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যার অনুলিপি পাঠানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, শিক্ষা, আইন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট দপ্তরে।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী তার বক্তব্যে জানান, "এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং আমি ব্যক্তিগতভাবে এই মামলার পরিচালনার দায়িত্ব নিচ্ছি। কোনো প্রভাবশালী ব্যক্তি যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে বক্তারা আগামী শুনানিতে আসামী জুনেলের রিমান্ড মঞ্জুরের জন্য আদালতের প্রতি আহ্বান জানান এবং দাবি করেন, ন্যায়বিচার না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url