৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান



৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

বিশেষ প্রতিবেদক : জুড়ী

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে জামায়াতে নামাজ আদায়ে উৎসাহ দিতে ৪০ দিন ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে বিশ্বনাথপুরের তিনটি গ্রামের ধারাবাহিকভাবে জামায়াতে নামাজ আদায়কারীদের হাতে নগদ অর্থ, বনজ বৃক্ষ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রধান পরিচালক সৈয়দ আল আমিন তালুকদার-এর সভাপতিত্বে ও পরিচালক মো. কামরুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা-এর অধ্যক্ষ লিয়াকত আলী খান

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লিয়াকত আলী খান বলেন, “জামায়াতে নামাজ আদায় কোনো প্রতিযোগিতা নয়, এটি অত্যন্ত প্রশংসনীয় ও কল্যাণকর একটি উদ্যোগ, যা সমাজে নামাজের পরিবেশ গড়ে তোলে এবং মানুষকে নামাজের প্রতি আরও আগ্রহী করে তোলে। নামাজই হলো দুনিয়া ও আখিরাতে সফলতা ও মুক্তির একমাত্র পথ। একজন মুসলমানের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব হলো সন্তানদের ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস গড়ে তোলা। এটি শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং এটি একটি মূল্যবান উপহার, যা সন্তানকে সঠিক পথে পরিচালিত করে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নামাজের প্রতি আরও মনোযোগী হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সংগঠনের পরিচালক এম এ মকসুদ জুনেদ, মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, নুরুল ইসলাম নাহিদ, জসিম উদ্দিনসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ।

অনুষ্ঠান শেষে ধারাবাহিকভাবে জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url