জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ২ ভাতিজি খুন, আহত ভাবী



জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ২ ভাতিজি খুন, আহত ভাবী

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা, যিনি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে। নিহত দুই বোন হলেন মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। তারা ওই গ্রামের আবু মিয়ার কন্যা। গুরুতর আহত তাদের মা হাজিরা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই মাছুমা ও শারমিন নিহত হন। তাদের মা হাজিরা বেগম গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড হন।

স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই বোন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হাজিরা বেগমের অবস্থা আশঙ্কাজনক।”

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িত মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, গুরুতর আহত হাজিরা বেগমকে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৬ মে জমি নিয়ে বিরোধের জেরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়। পরপর দুটি ঘটনায় জমি সংক্রান্ত বিরোধ যে কতটা ভয়াবহ রূপ নিচ্ছে, তা আবারও প্রমাণিত হলো।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url