গোয়াইনঘাটে হালচাষ করতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
গোয়াইনঘাটে হালচাষ করতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে জমিতে হালচাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে প্রাণ হারিয়েছেন আব্দুল মালিক (৩৫) নামের এক ট্রাক্টরচালক। শনিবার (১০ মে) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মালিক উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি (দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আব্দুল মালিক নিজের ট্রাক্টর নিয়ে হালচাষে যান। জমিতে কাজ করার সময় এক পর্যায়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় মালিক ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, “আব্দুল মালিক জমিতে মোড় ঘোরার সময় ট্রাক্টর উল্টে যান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
