সিলেটসহ ২৮ জেলায় তীব্র ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা
সিলেটসহ ২৮ জেলায় তীব্র ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটসহ দেশের ২৮টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২৬ মে) অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৭টার মধ্যে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কিছু কিছু এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি কিংবা বজ্রপাত হতে পারে।
এ ছাড়া, মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও অগ্রসর হওয়ার জন্য পরিবেশ অনুকূলে রয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সব এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
