দুর্ভোগের আরেক নাম: শাহবাজপুর-থানাবাজার সড়ক
দুর্ভোগের আরেক নাম: শাহবাজপুর-থানাবাজার সড়ক
নিজস্ব প্রতিবেদক বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। ফলে সড়কটি আজ জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করলেও ভাঙাচোরা, গর্তে ভরা রাস্তায় যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এক অটোরিকশা চালক কবির আহমদ বলেন, “এই রাস্তায় প্রতিদিন চলতে গিয়ে জীবন হাতে নিয়ে চলতে হয়। একদিন এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার পথে গাড়ি গর্তে পড়ে এমনভাবে ধাক্কা খায় যে, তাঁর গর্ভেই সন্তান নষ্ট হয়ে যায়।”
সরেজমিন ঘুরে দেখা যায়, শাহবাজপুর থেকে থানাবাজার পর্যন্ত পুরো সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে, কোথাও কোথাও উঠে গেছে পিচ। বৃষ্টির পানিতে জমে থাকা গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
অটোরিকশা চালক আবু সাঈদ ও আব্দুল্লাহ আল মামুন বলেন, “আগে যেখানে ২০ মিনিটে রাস্তা পার হতাম, এখন সেখানে এক ঘণ্টা সময় লাগে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।”
শিক্ষার্থী ছাইদুল ইসলাম বলেন, “এই সড়ক শুধু চলাচলের রাস্তা নয়, এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা—সব কিছু এই রাস্তাকে ঘিরে। সংস্কারের অভাবে আমরা চরম দুর্ভোগে আছি।”
স্থানীয় রাজনৈতিক নেতারা ও সাধারণ জনগণ এই অবস্থার প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন। উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কাওছার হামিদ ছুন্নাহ বলেন, “মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যদি দ্রুত সংস্কার শুরু না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যাব।”
মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী বলেন, “আমরা শুনি টেন্ডার হয়েছে, আবার কেউ বলেন প্রক্রিয়াধীন। কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। আমরা শুধু দৃশ্যমান কাজ চাই।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে থানাবাজার পর্যন্ত সড়কটি একসময় এলজিইডির আওতায় থাকলেও এখন এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে। বিগত কয়েক বছরে এই সড়কে কোনো সংস্কার হয়নি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, “সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই এক থেকে দুই মাসের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।”
নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন
