দিলদারপুর চা-বাগানের দেড় দশক পর ৮৭ শতক জমি উদ্ধার করলো প্রশাসন

 


দিলদারপুর চা-বাগানের দেড় দশক পর ৮৭ শতক জমি উদ্ধার করলো প্রশাসন


কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকায় অবস্থিত দিলদারপুর চা-বাগানের প্রায় ৮৭ শতক জমি দেড় দশক পর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সরকারি খতিয়ানভুক্ত এ টিলা ও সমতল জমিটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি স্থানীয় প্রভাবশালী মহল।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়। অভিযান শেষে জায়গাটিতে ‘সরকারি মালিকানাধীন’ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

জানা গেছে, এইচআরসি গ্রুপের অধীনে পরিচালিত দিলদারপুর চা-বাগানের ১০৫৫ ও ১০৫৪ দাগে মোট ৩ একরের বেশি জমির মধ্যে উল্লেখিত ৮৭ শতক জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন হোসেন রাজা গং নামের একটি গোষ্ঠী। চা-বাগান কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতির কারণে জমি উদ্ধার করতে ব্যর্থ হয়।

২০১৫ সালে জায়গা উদ্ধারের উদ্যোগ নেওয়া হলে চা-বাগানের এক সহকারী ব্যবস্থাপক হোসেন রাজা গংদের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। এরপর নানা প্রচেষ্টা চালিয়েও জমিটি ফেরত পায়নি বাগান কর্তৃপক্ষ।

সম্প্রতি দিলদারপুর চা-বাগানের ব্যবস্থাপক এমদাদ হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত আবেদন করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পরিদর্শন করেন। দখলের সত্যতা পেয়ে জমিটি উদ্ধার করে চা-বাগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, “সরকারি খতিয়ানভুক্ত ও লিজপ্রাপ্ত জমিটি জবরদখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে কেউ সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দীর্ঘ প্রায় ১৫ বছর পর জমিটি ফেরত পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে চা-বাগান কর্তৃপক্ষ। তাদের মতে, এতে চা-বাগানের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url