৩ দিনে মৌলভীবাজার সীমান্তে ৭৪ জন পুশ ইন, বিজিবির নজরদারি জোরদার
৩ দিনে মৌলভীবাজার সীমান্তে ৭৪ জন পুশ ইন, বিজিবির নজরদারি জোরদার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
গত তিন দিনে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা ৭৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে অনেকেই ভারতের বাংলা ভাষাভাষী অঞ্চল থেকে আসা বাংলাদেশি নাগরিক, যাঁদের বিএসএফ জোর করে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৭ মে থেকে ১০ মে পর্যন্ত এই ৭৪ জনকে আটক করা হয়। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে ১৫ জন এবং লাতু সীমান্ত দিয়ে ৫৯ জন বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের বিজিবি আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে এবং পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ তিন মাস আগে, আবার কেউ দুই বছর আগে বিভিন্ন দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন। ভারতে অবস্থানকালে তাঁরা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিসহ বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। বিএসএফের অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযানের সময় তাঁদের আটক করে সীমান্তে পুশ ইন করা হয়।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, "পুশ ইন ঘটনার পর আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সন্দেহজনক কাউকে পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজিবির পাশাপাশি সীমান্তে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।"
এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, "জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিজিবি মোতায়েন ও টহল বৃদ্ধি করা হয়েছে।"
তিনি আরও বলেন, "পুশ ইন করা ব্যক্তিরা বাংলাদেশি হলেও তাঁদের ফেরত পাঠানোর ক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল। অনেকেই দালালের ফাঁদে পড়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।"
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলার মোট সীমান্ত দৈর্ঘ্য ২৭১ দশমিক ৮৮ কিলোমিটার। এর মধ্যে শ্রীমঙ্গল ৪৯.২৭, কমলগঞ্জ ৭৩.১৬, কুলাউড়া ৪৩.৭৭, জুড়ী ৬৪.৭৩ এবং বড়লেখা ৪০.৯৫ কিলোমিটার। এসব সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশ ইন-এর ঘটনা ঘটছে, বিশেষ করে বড়লেখার পাল্লাতল ও লাতু, কুলাউড়ার মুরইছড়া ও কমলগঞ্জের ধলাই সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
