বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক অনুপ্রবেশকারীকে ঠেলে পাঠাল বিএসএফ: উদ্বেগ-আতঙ্কে সীমান্তবাসী

 


বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক অনুপ্রবেশকারীকে ঠেলে পাঠাল বিএসএফ: উদ্বেগ-আতঙ্কে সীমান্তবাসী

নিজস্ব প্রতিনিধি বড়লেখা 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শতাধিক নারী-পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই দিনে উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার (৭ মে) ভোর ৫টার দিকে নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্ত দিয়ে ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে বিএসএফ জোর করে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে পাল্লাথল চা বাগানের শ্রমিকরা তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বোবারথল সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে অনুপ্রবেশ করানো হয়, যাদেরকেও স্থানীয়রা আটক করে বিজিবির হেফাজতে দেন।

অনুপ্রবেশকারীরা জানান, তারা বাংলাদেশের নাগরিক হলেও দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে জোরপূর্বক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। অনুপ্রবেশকারীদের ভাষ্যমতে, সীমান্তের ওপারে এখনো অনেকে রয়েছেন, যাদেরও একইভাবে পুশইনের প্রস্তুতি নিচ্ছে বিএসএফ।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিএসএফের পুশইন করা অনেকেই শাহবাজপুর বাজার এলাকা থেকে অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশায় করে বড়লেখা এলাকা ত্যাগ করেন, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত দুই দিনে স্থানীয় জনগণ ৫৫ জন অনুপ্রবেশকারীকে বিজিবির হাতে তুলে দিয়েছে। বিজিবি তাদের পরিচয় যাচাই করছে।”

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, “সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনার পর আমরা বিভিন্ন চেকপোস্ট বসিয়েছি এবং নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সীমান্তবাসীদের আশঙ্কা, এই পুশইনের ঘটনাগুলোর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তারা কর্তৃপক্ষকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url