কুলাউড়ায় পাগলা কুকুরের তাণ্ডব, নারী-পুরুষসহ আহত অনেকে
![]() |
| ছবিঃ নমুনা |

মৌলভীবাজারের কুলাউড়ায় পাগলা কুকুরের আক্রমণে নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই ঘটনায় গরু-ছাগলসহ কয়েকটি গবাদিপশুও আক্রান্ত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রবিরবাজার, পৃথিমপাশা, কানিকিয়ারীসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে কুকুরটিকে ধরে হত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রবিরবাজার এলাকা থেকে একটি কুকুর হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। পরে সেটি পৃথিমপাশা, কানিকিয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে মানুষ ও গবাদিপশুকে কামড়াতে থাকে।
হঠাৎ কুকুরটির এমন আক্রমণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারী-পুরুষসহ কয়েকজন আহত হন। পাশাপাশি কুকুরটির কামড়ে কয়েকটি গরু ও ছাগলও আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
একপর্যায়ে স্থানীয়রা একত্রিত হয়ে কুকুরটিকে আটকানোর চেষ্টা করেন। পরে তারা কুকুরটিকে ধরে হত্যা করেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, রবিরবাজার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে দলবদ্ধভাবে বেশ কিছু বেওয়ারিশ কুকুর ঘোরাফেরা করছে। এসব কুকুরের কারণে সাধারণ পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে। এর আগেও বিভিন্ন সময়ে এসব কুকুরের তাড়া ও আক্রমণের শিকার হয়েছেন অনেকে।
তাদের দাবি, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

