বিতর্কিতদের বাদ দিয়ে ফ্যামিলি কার্ডের তালিকা পুনর্বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের কাছে সাজুর অনুরোধ

 


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চূড়ান্ত তালিকা নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু।

সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুরোধ জানান। পোস্টে তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে না পারার ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিয়েছেন।

ফেসবুক পোস্টে শরিফুল হক সাজু লিখেছেন, "এ দায় আমার, এ দায় আমাদের! আমরা আমাদের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে পারিনি।"

তিনি অভিযোগ করেন, গতকাল ঘোষিত বড়লেখা উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারীর ফলাফলে বিতর্কিত ব্যক্তিদের নাম এসেছে। সেই তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, ফ্যামিলি কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা শিবিরের কর্মী এবং যুবলীগের নেতা সহ বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদের নাম রয়েছে।

এর বিপরীতে যারা নির্বাচনকালীন সময়ে ঘরে ঘরে গিয়ে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই যুবদল ও ছাত্রদলের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

নিজেদের ব্যর্থতার কথা উল্লেখ করে কাতার বিএনপির এই নেতা আরও লিখেন, "আমরা পারিনি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে। আমাদের ব্যর্থতার কারণেই আজ বিতর্কিতরা সুযোগ পেয়েছে।"

পরিশেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমার বিনীত অনুরোধ রইলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, যারা বিতর্কিত, যাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আছে, তাদের ফলাফল পুনরায় বিবেচনা করা হোক।"

উল্লেখ্য, বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো বড়লেখা উপজেলাতেও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তথ্যঃ খবর ধারা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url