কুলাউড়ায় অবৈধ পার্কিংয়ে সাতটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ,জরিমানা এবং একজনের কারাদন্ড

 


কুলাউড়া পৌরসভায় যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ, একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশা পার্কিংয়ের অপরাধে ৭টি সিএনজি জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। এছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশা পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বাজারের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মোবাইল কোর্টের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীরা। তাদের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথের পাশে যত্রতত্র সিএনজি দাঁড় করিয়ে রাখায় প্রায়ই যানজট সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা বলছেন, নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করা হলে কুলাউড়া পৌরসভা বাজারের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি বাজারে শৃঙ্খলা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url