ওমরাহযাত্রীকে বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ, ঘটনার তদন্ত চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী

 


বিয়ানীবাজার উপজেলার এক সিএনজি চালক প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ বিষয়ে কথা বলেন এমপি এমরান আহমদ চৌধুরী।

বার্তায় তিনি বলেন, বিয়ানীবাজারের ওই যুবক একজন সিএনজি চালক। তার ওমরাহ পালনের আর্থিক সামর্থ্য না থাকায় একজন আমেরিকাপ্রবাসী তাকে সহায়তা করেন। ওই সহায়তায় তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হন।

কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও তাকে বিদেশ যেতে দেয়নি বলে অভিযোগ করেন এমপি।

এমরান আহমদ চৌধুরী আরও অভিযোগ করেন, ওই যুবককে এমন সিল দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার ফলে তিনি ভবিষ্যতে আর কোনোদিন বিদেশ যেতে পারবেন না।

এ বিষয়ে এমপি বলেন, “যদি ঘটনাটি সত্যি হয়, তবে অভিযোগটি গুরুতর।” ওমরাহ পালনের বিষয়টি মুসলমানদের ধর্মীয় অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সিলেট-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বিষয়টি তদন্ত করা এবং কেন ওই যুবককে বিদেশ যেতে দেওয়া হয়নি, তার পুরো ব্যাখ্যা জনসম্মুখে দেওয়া।

তবে ওই যুবককে কী কারণে ইমিগ্রেশন থেকে সৌদি আরব যেতে দেওয়া হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই হলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url