গঠিত হলো এনসিপির কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে। ১৫১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটিতে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করা হয়েছে।
০৯ আগস্ট ২০২৬ রবিবার, এনসিপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি এই কমিটির অনুমোদন দেয়। জেলা আহ্বায়ক মো. খালেদ হাসান ও সদস্যসচিব রুহুল আমিন স্বাক্ষরিত অনুমোদনপত্রে কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরমচালের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানবিশ ও কমিউনিটি নেতা ফারুক উদ্দিন আহমদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ গণি কলেজের প্রিন্সিপাল শাহ আলম সরকার এবং কুলাউড়া উপজেলা এনসিপির নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু রুকিয়ান।
কমিটিতে জয়নুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং মাহবুব জামান শিহাবকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক, সহ-সাংগঠনিক সম্পাদক, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসে কুলাউড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা, দলের প্রচার-প্রচারণা জোরদার করা এবং সাধারণ মানুষের কাছে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পাশাপাশি উপজেলার প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে।
দায়িত্বশীল নেতারা কুলাউড়া এনসিপির সঙ্গে থাকার এবং তাদের ওপর আস্থা রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারুণ্যের সংমিশ্রণে কুলাউড়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে সার্বক্ষণিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
এনসিপির নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে কুলাউড়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো হবে।
