বড়লেখায় দুই মাদ্রাসার গরু কেনার টাকা আত্মসাতের অভিযোগ ইমরান আহমদের বিরুদ্ধে

 


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুটি মাদ্রাসার জন্য গরু কেনার কথা বলে অগ্রিম অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ইমরান আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চুকারপুঞ্জি গ্রামের বাসিন্দা বাবুল মিয়া উপজেলার জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, চুকারপুঞ্জি এবং খুটাউরা মোহাম্মদিয়া গাফ্ফারিয়া নুরানী মাদ্রাসার জন্য দুটি গরু কেনার উদ্দেশ্যে সুজানগর ইউনিয়নের হাসিমপুর মুল্লার্খন্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ইমরান আহমদের সঙ্গে মোট ১ লাখ ৯০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী গত ১১ জুলাই বাবুল মিয়া বিকাশের মাধ্যমে ইমরান আহমদকে অগ্রিম ৩৫ হাজার ৭০০ টাকা প্রদান করেন। ইমরান আহমদ আশ্বাস দেন, ১২ জুলাই ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গরুর মূল্য পরিশোধসহ প্রয়োজনীয় সব লেনদেন সম্পন্ন করবেন।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি গরু সরবরাহ করেননি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অভিযোগকারী ইমরান আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ইমরান প্রায় ১০ বছর ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন। তাকে খুঁজে পাওয়া গেলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ভুক্তভোগী বাবুল মিয়ার দাবি, অভিযুক্ত ইমরান আহমদের বিরুদ্ধে জুড়ী থানাসহ বিভিন্ন এলাকায় একই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তিনি অভিযোগ করেন, অগ্রিম অর্থ গ্রহণের পর গরু সরবরাহ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে অভিযুক্ত সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দ্রুত অর্থ উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url