বড়লেখায় নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচ কিশোর গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার পাঁচ কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতের দিকে বড়লেখার উত্তর শাহবাজপুর এলাকায় কয়েকজন কিশোর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে স্লোগান দিতে দিতে মিছিল বের করে। বিষয়টি জানতে পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ কিশোরকে আটক করে। এ ঘটনায় শাহবাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। শনিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া কিশোররা হলেন পূর্ব দৌলতপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সজিব আহমদ, একই গ্রামের সুনাম উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ, বড়ময়দান গ্রামের সেলিম উদ্দিনের ছেলে জাহিদ আহমদ, বাদেপুকুরিয়া গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাইদুল আহমদ ওরফে শাম উল্লাহ ওরফে সায়মন এবং আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান।
এদিকে এলাকাবাসী ও গ্রেপ্তার কিশোরদের অভিভাবকদের দাবি, খেলাধুলা শেষে মজাচ্ছলে কয়েকজন কিশোর স্লোগান দেয়। তারা অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া সবাই কিশোর হলেও মামলায় তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, “শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
সূত্র: সিলেট ভিউ
