বাংলাদেশ খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
কিবরিয়া আল মাহমুদ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বাদ-মাগরিব উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত শুরা অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। দীর্ঘ সময় ধরে চলা আলোচনাসভা শেষে উপস্থিত সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এতে মুফতী শফিকুল ইসলাম সিদ্দিকী সভাপতি এবং মাওলানা আব্দুল মালিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান অধিবেশনের প্রধান অতিথি-বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী। তিনি নবগঠিত কমিটির প্রতি দায়িত্বশীলতা, সততা ও আদর্শিক দৃঢ়তার সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহ্ইয়া এবং জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন। তাঁরা বলেন, পুনর্গঠনের মাধ্যমে বড়লেখা উপজেলা শাখা নতুন উদ্যম ও সংগঠিত শক্তি নিয়ে মাঠে কাজ করবে।
শুরা অধিবেশনে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক-ধর্মীয় উদ্যোগগুলোতে ইতিবাচক অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
