জৈন্তাপুরে ফুটবল খেলায় গাছের সাথে আঘাত: প্রাণ গেলো স্কুলছাত্র ইমনের, এলাকায় শোকের ছায়া
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলায় অংশ নিতে গিয়ে গাছের কাটা অংশে আঘাত পেয়ে ইমন আহমেদ (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত হওয়ার পর শুক্রবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ইমন উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিলেন।
আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ইমন। খেলার এক পর্যায়ে মাঠের পাশের একটি গাছের কাটা অংশে অসাবধানতাবশত তার মুখমণ্ডল ও মাথায় আঘাত লাগে। শুরুতে বেশি গুরুতর মনে না হলেও খেলার বিরতিতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং কান দিয়ে রক্তপাত শুরু হয়।
স্থানীয়রা প্রথমে চতুল বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ইমনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
ইমনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, ক্রীড়ামোদী এবং স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইমনের বাড়িতে যান সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন, ৪ নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
