জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ: নুর

 

নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের জন্য কারও সঙ্গে জোট করলেও দলের নেতৃবৃন্দ বেশিরভাগ আসনে নিজ দলীয় প্রতীকে অংশ নেবেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার প্রার্থী পরিচিতি ও গণ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।



নুরুল হক নুর বলেন, “পরিবর্তনের সংগ্রামকে সফল করতে আজ সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা চালিয়ে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছে। তাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। আজ দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।”

সমাবেশে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের দলীয় মুখ্যপাত্র হাসান আল মামুন, সিলেট-৬ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট জাহিদ আহমদ, হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, যুব-অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল আলম। সমাবেশে উপস্থিত ছিলেন জেলার ও উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বৃন্দ।

নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ দৃঢ় প্রতিজ্ঞা, দেশের রাজনীতিতে নতুন শক্তি ও স্বচ্ছতার বাতাস বইয়ে আনবে-এই প্রত্যাশা নিয়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url