সিলেটে সেনাবাহিনীর অভিযানে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ

নিজস্ব প্রতিবেদক সিলেট: 

সিলেটের ধূপাগোল, মোহালদিকসহ আশপাশের বিভিন্ন এলাকায় আজ শনিবার সকাল ১১টা থেকে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাটালিয়ন ও প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে মোহালদিক গ্রামের ভেতরে একাধিক বাড়ির উঠান, আঙিনা ও গ্রামের রাস্তার পাশে পাতা দিয়ে ঢেকে রাখা প্রায় আড়াই লাখ ঘনফুট অবৈধভাবে মজুত করা পাথর জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র এসব পাথর গোপনে জমিয়ে রেখেছিল।


অভিযানের সময় স্থানীয় অনেকেই দাবি করেন, এসব পাথরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা জানান, “আমরা জানি না কারা এই পাথর এখানে রেখেছে, কিংবা কখন রাখা হয়েছে। তখন আমরা বাড়িতেও ছিলাম না।” তবে এলাকাবাসীর একটি অংশের মতে, সাংবাদিক ও স্থানীয় সচেতন ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রশাসন অবৈধ এসব পাথরের খোঁজ পেতে সক্ষম হয়েছে। এ সময় এক স্থানীয় ব্যক্তি সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, চুরি হওয়া ও অবৈধভাবে মজুত করা সব পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত এ ধরনের ধারাবাহিক অভিযান চলবে। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পাথর ব্যবসা বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url